Popular Posts

Friday, April 25, 2014

এই গরমে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, /‎গৌতম কুমার কর /


‎গৌতম কুমার কর 
এই গরমে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ঝা চকচকে গাড়ির বিজ্ঞাপন বা ওই পারফিউমটা, যা আপনার বুকে লালাভ কাম ওষ্ঠ স্পর্শ এঁকে যাবে । এই বেশ ভাল আছি । কেমন আছ তুমি ? আজ সন্ধ্যায় স্কচ নিয়ে বসব একটু নাজিম হিকমৎ হাতে । দীপেনকে মনে আছে, কবিতার সাথে সহবাস করত । বিয়ে করেছিল, একটা ছাপাখানায় চাকরি করত । আর বলিস না, ওর মেয়েটাকে দেখলাম রাসবিহারীর মোড়ে, কাজল চোখে ইশারা ...
*
এই বেশ ভাল আছি । রবিবার ছোট শালি আসবে । পাবদাটা ফেবারিট, অ্যালফানসো এখনও ওঠে নি । এই বেশ ভাল আছি । কাজের মাসির হাজবেন্ডটা চুল্লু খেয়ে টেঁসে গেছে । রাজনীতির কথা আর বলিস না, শালা সব চোর । একটা লং ড্রাইভে যাবি ? ভাল বান্ধবী জুটিয়েছি রে ... চল না । রাজনীতিতে একটাও ভাল লোক নেই রে । এই বেশ ভাল আছি ।
*
রীতা দাস TET পরীক্ষা দিতে গিয়ে মারা গিয়েছিল । শালা পৃথিবীর ওজন কমল । অমূক দল না করলে চাকরি হবে না । আর বলবেন না, চিরকালই এমনটাই হোত । আমরা ভাল আছি । রুমা দাস TET পাশ করেছিল । চাকরি না পেয়ে বিক্ষোভ করেছিল ... তারপর, কী আর হবে, আত্মহত্যা করেছে । ও বলতে ভুলে গেছি, এই যে দেওয়াল জোড়া LEDটা দেখছিস, আমার অফিসে যারা ফার্নিচার সাপ্লাই করেছে, তারা দিয়েছে । দারুণ ছবি । দেখ ডেড বডিগুলোকে মনে হয় ঘুমিয়ে আছে । ওসব রাজনীতিতে আমরা নেই, দু পেগ বলুন, আছি ।
*
রুমা দাস, রীতা দাস, আমরা হেব্বি আছি । নির্বাচনের সময়ে তারকারা হাত মিলিয়ে যায় । কী শিহরণ মাইরি । আমার স্ত্রী তো কবুল করেই বসল, দারুণ সেক্সি । অ্যাই চ্যানেলটা ঘোরা তো । আত্মহত্যার মালাই বানাচ্ছে । উন্নয়ন চ্যানেলটা দে ... রুমা দাস, রীতা দাস নামগুলোয় কী মিল, তাই না ? আমাদের নামগুলো অন্য রকম । আমার ছেলের নাম মাইকেল ... দাদু কী বলে ডাকে বলে দাও তো ... সুইট হার্ট ... হেব্বি আছি ।

No comments:

Post a Comment